ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থেকে তিনজনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, মাধবী মারমা এবং অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
দলটির প্রেস উইং সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত ৩৬ জন প্রার্থীর তালিকায় চট্টগ্রাম অঞ্চল থেকে এসব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এরমধ্যে চট্টগ্রাম থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান থেকে মাধবী মারমা এবং কক্সবাজার থেকে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না মনোনয়ন পেয়েছেন।
ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রামের হাটহাজারীর মেয়ে। তার পিতা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তার শ্বশুরবাড়ি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা এলাকায়।
অন্যদিকে, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দেড় যুগ ধরে দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। তার মনোনয়নে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি দলের তৃণমূল থেকে কেন্দ্র—সবখানেই গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
পার্বত্য চট্টগ্রাম থেকে মনোনয়ন পাওয়া মাধবী মারমাও ছিলেন সংরক্ষিত নারী আসনের অন্যতম প্রত্যাশী। নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা সাত আদিবাসী নারীর মধ্য থেকে তাকেই চূড়ান্ত করেছে দলটি।
জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মোট সাতজন আদিবাসী নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন শুভ্রা বান্ত্রা, মাধবী মারমা, লাকী তহঙ্গনা, চন্দ্রা চাকমা, থেংচি তিসা সাংমা, সুচরিতা মানখিন এবং নোরী খীসা।
দলীয় সূত্র বলছে, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনায় এনে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হয়েছে।

