শুক্রবার, ১৯ জুন ২০২৬

সড়ক খাত বাঁচাতে ৩ লাখ কোটি টাকার প্রয়োজন: সংসদে মন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের সড়ক অবকাঠামোর নাজুক চিত্র তুলে ধরে জাতীয় সংসদে প্রায় ৩ লাখ কোটি টাকার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

- Advertisement -

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বিভিন্ন সড়ক প্রকল্প নিয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সারা দেশের জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের অবস্থা বর্তমানে জরাজীর্ণ। বিগত সরকারের সময়ে অবকাঠামো খাতে ব্যাপক ব্যয়ের কথা বলা হলেও বাস্তবে সড়কগুলোর উন্নয়ন যথাযথভাবে হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, “আগের সরকারের সময়ে অনেক ব্যয় দেখানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে দেশের সড়ক নেটওয়ার্ক এখনো নাজুক অবস্থায় রয়েছে।”

সংসদ সদস্যদের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী জানান, এলাকায় গেলে তারা নিয়মিত সড়ক সংস্কার ও উন্নয়নের দাবির মুখে পড়ছেন। গত দুই মাসে প্রাপ্ত ডিও লেটার বিশ্লেষণ করে দেখা গেছে, এসব সড়ক মেরামত ও সংস্কারে প্রায় ৩ লাখ কোটি টাকার প্রয়োজন।

তবে আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতিবছর প্রায় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার বরাদ্দ পেয়ে থাকে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চিহ্নিত করে সব দলের সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। দেশীয় অর্থায়নের পাশাপাশি বৈদেশিক সহায়তা নিয়েও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প নিয়েও সংসদে আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী জানান, ভারতীয় ঋণ সহায়তার তালিকা থেকে প্রকল্পটি বাদ পড়ায় বর্তমানে অর্থায়ন সংকট দেখা দিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অংশগুলো ধাপে ধাপে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও