চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান ও বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের বড় মেয়ে প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সফলতার সঙ্গে এমএস ডিগ্রি অর্জন করেছেন। গত ১৭ মে ২০২৬ তার সংবর্ধনা ও সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পিতা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ এবং মাতা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম। মেয়ের এ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
সাবরিনা বিনতে আহমদ সাকীর পরিবার শিক্ষা ও কৃতিত্বে সমৃদ্ধ একটি পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত। তার আরেক মেয়ে ইফফাত বিনতে ফজল ইমু যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএস ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
এছাড়া তৃতীয় মেয়ে ডাক্তার সায়মুনা জেসমিন পিংকি এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) ডিগ্রিধারী। তিনি বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছোট মেয়ে ফারিয়া জেসমিন প্রিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ থেকে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে। তাদের দাদা মরহুম মো. মনোহর আলী ও দাদী ছবুরা খাতুন।
পরিবারটির চার কন্যার উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্য এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

