রবিবার, ৩১ মে ২০২৬

রাউজানে গাছ সরাতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে কালবৈশাখী ঝড়ে সড়কে পড়ে থাকা গাছ সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ শংকর (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদু মুন্সিপাড়া এজাহার মাস্টার সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বনমালি দাশ শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতিশ মাস্টার বাড়ির ব্রজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালবৈশাখী ঝড়ে রাউজান-নোয়াপাড়া সড়কে একটি গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শংকর নিজের অটোরিকশা থামিয়ে সড়ক থেকে গাছটি সরানোর চেষ্টা করেন।

একপর্যায়ে পাশের আরেকটি গাছ ভেঙে তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নেপাল দাশ জানান, বুধবার সকালে শংকর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। গাছ চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও