চট্টগ্রামের মিরসরাই পৌরসদরে কোরবানির পশুর চামড়া স্তূপ করে রাখায় তীব্র দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দুইদিন ধরে পড়ে থাকা চামড়ার স্তূপ থেকে ছড়িয়ে পড়া পচা গন্ধে ভোগান্তিতে পড়েছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কয়েকশ পশুর চামড়া বিক্রির উদ্দেশ্যে মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচে জড়ো করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে কাঙ্ক্ষিত দামে বেপারি ও আড়তদার না পাওয়ায় অনেক ব্যবসায়ী লোকসানের আশঙ্কায় চামড়াগুলো ফেলে চলে যান।
খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব চামড়া পচে ভয়াবহ দুর্গন্ধের সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ী রুবেল জানান, পুরো পৌরবাজার এলাকায় এখন অসহনীয় পরিবেশ বিরাজ করছে। দুর্গন্ধের কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতিও কমে গেছে। গরম আবহাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে বলে জানান তিনি।
পথচারীরা অভিযোগ করেন, মহাসড়ক দিয়ে চলাচলের সময় নাকে রুমাল চেপে যেতে হচ্ছে। অনেকেই শ্বাসকষ্ট ও বমিভাবের মতো সমস্যায় ভুগছেন। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত পরিত্যক্ত চামড়াগুলো অপসারণ করে পরিবেশ স্বাভাবিক করা হোক।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, পরিত্যক্ত অবস্থায় চামড়া ফেলে রাখার বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

