মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেলকে ধাক্কা, কর্ণফুলীতে নিহত শিক্ষক ও বৃদ্ধ বাবা

কর্ণফুলি প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলশিক্ষক ও তাঁর বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজ (শাহ আমানত সেতু) এলাকার প্রথম সিঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা এবং দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক (৪৭) ও তাঁর বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বিধান মল্লিক ও তাঁর বাবা। পথে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক মারা যান। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিধান মল্লিককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও