দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। ফলে মিরপুরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই।
২০১১ বিশ্বকাপের পর এই প্রথম দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
অন্যদিকে, ইনজুরি ও বিশ্রামের কারণে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন নিয়মিত তারকা এই সফরে নেই। পাকিস্তান সফর শেষে বাংলাদেশে আসা জশ ইংলিসের দল স্পিন সহায়ক উইকেটের প্রত্যাশা করলেও মিরপুরে এবার তুলনামূলক স্পোর্টিং উইকেট প্রস্তুত করা হয়েছে।
পরিসংখ্যানও পেসারদের পক্ষেই কথা বলছে। চলতি বছরে মিরপুরে অনুষ্ঠিত পাঁচ ওয়ানডেতে পেসাররা ২২.৬০ গড়ে ৬৯ উইকেট শিকার করেছেন। বিপরীতে স্পিনারদের ঝুলিতে এসেছে ২৬ উইকেট, গড় ৩৫.৫০।

