বুধবার, ১০ জুন ২০২৬

কাজের মাঝেই মৃত্যু, ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর ৮ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় চন্দ্র দে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুনিল ডাক্তারের বাড়ির বাসিন্দা এবং সুবল চন্দ্র দে’র ছেলে।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, প্রবাসী শাহ আলমের নির্মাণাধীন ভবনে থাই গ্লাসের কাজ করছিলেন বিজয়। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও