চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের টিকিট পাওয়া সাধারণত ভাগ্যের ব্যাপার। তবে এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শেষ মুহূর্তে টিকিটের দাম কমিয়েও দর্শক টানতে হিমশিম খেতে হচ্ছে ফিফাকে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো জাতীয় ফুটবল দল ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল-এর ম্যাচে স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। তবে দ্বিতীয় ম্যাচেই দেখা যায় ভিন্ন দৃশ্য।
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দল ও চেক প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল-এর ম্যাচে গ্যালারির অসংখ্য আসন খালি দেখা যায়। বিশ্বকাপের মতো আসরে এমন দৃশ্য ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।
বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে ফিফা জানায়, প্রায় ১ লাখ ৮০ হাজার টিকিট অবিক্রীত রয়েছে। পরে দর্শক আকৃষ্ট করতে কম মূল্যে টিকিট বিক্রির উদ্যোগও নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, সমর্থকদের ভিসা জটিলতা, টিকিট ব্যবস্থাপনার দুর্বলতা এবং ভ্রমণসংক্রান্ত নানা সমস্যার কারণে অনেক দর্শক মাঠে উপস্থিত হতে পারেননি। ফলে বিশ্বকাপের শুরুতেই খালি গ্যালারির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচে উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা থাকায় ফিফার টিকিট ব্যবস্থাপনা ও আয়োজক প্রস্তুতি নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে।

