মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুইবার পিছিয়ে পড়েও হারেনি জাপান, ড্রয়ে থামল নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক:

দুইবার পিছিয়ে পড়েও হার মানেনি জাপান। দুর্দান্ত লড়াই করে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে এশিয়ার প্রতিনিধিরা।

- Advertisement -

রোববার ডালাসে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডস। শেষ মুহূর্তে দাইচি কামাদার গোলে মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করে জাপান।

প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিরতির পর ৫১তম মিনিটে রায়ান খ্রাফেনবের্খের ক্রস থেকে হেডে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

তবে ছয় মিনিট পরই জবাব দেয় জাপান। তাকেফুসা কুবোর কাটব্যাক থেকে নাকামুরার দূরপাল্লার শট ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে তারা।

৬৪তম মিনিটে আবারও এগিয়ে যায় ডাচরা। খ্রাফেনবের্খের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ক্রাইসেনসিও সামারভিল। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান এই তরুণ উইঙ্গার।

ম্যাচের শেষদিকে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল নেদারল্যান্ডস। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট আগে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে দাইচি কামাদা গোল করে জাপানকে আবারও সমতায় ফেরান।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। উভয় দলই ১০টি করে শট নিলেও লক্ষ্যে বেশি শট রাখতে সক্ষম হয় ডাচরা। তবে সুযোগ কাজে লাগানোর দক্ষতায় জাপান শেষ পর্যন্ত হার এড়িয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয়।

ফলে ‘এফ’ গ্রুপে ২-২ গোলের ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নেদারল্যান্ডস ও জাপান।

সর্বশেষ

এই বিভাগের আরও