আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক যেমন বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে, তেমনি আলজেরিয়ার বিপক্ষে তার একটি ট্যাকল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ম্যাচে মেসিকে কোনো কার্ড না দেখানোয় রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জেতান মেসি। তবে ম্যাচের এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির ওপর করা একটি ট্যাকল আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি ঘটে বল দখলের লড়াইয়ে। অভিযোগ ওঠে, পেছন দিক থেকে ট্যাকল করার সময় মেসির বুটের স্টাড মান্দির ডান পায়ে আঘাত করে। রেফারি সিমন মার্সিনিয়াক ঘটনাটিকে ফাউল হিসেবে বিবেচনা করলেও মেসিকে কোনো হলুদ বা লাল কার্ড দেখাননি।
রিপ্লেতে দেখা যায়, ট্যাকলটি গুরুতর চোটের ঝুঁকি তৈরি করতে পারত। এ ধরনের চ্যালেঞ্জে সাধারণত হলুদ কিংবা লাল কার্ড দেখানোর নজির রয়েছে। ফলে রেফারির সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
অনেক ফুটবলপ্রেমীর দাবি, অন্য কোনো খেলোয়াড় এমন ট্যাকল করলে হয়তো কঠোর শাস্তির মুখে পড়তে হতো। তাদের মতে, মেসির ক্ষেত্রে রেফারি তুলনামূলক নমনীয় আচরণ করেছেন।
তবে বিতর্কের মধ্যেও নিজের পারফরম্যান্সে ছাপ রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন তিনি। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন। পরবর্তী ম্যাচে একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যাবেন মেসি।

