২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে দেখা যাবে না দলের অন্যতম তারকা নেইমারকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ জানিয়েছে, হাইতির বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি নিউ জার্সিতেই থেকে আধুনিক পুনর্বাসন ও অনুশীলন সুবিধার মধ্যে শেষ ধাপের চিকিৎসা ও ফিটনেস কার্যক্রম চালিয়ে যাবেন। ব্রাজিলের লক্ষ্য এখন নেইমারকে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করা।
গত মাসে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-টু চোট পান নেইমার। সেই ইনজুরির কারণে বিশ্বকাপের প্রস্তুতির বড় একটি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তবুও তার অভিজ্ঞতা ও নেতৃত্বের কথা বিবেচনায় রেখে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
এরই মধ্যে সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবরও এসেছে। বুধবার এই বিশ্বকাপে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন নেইমার। রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়।
তবে দলের সঙ্গে তার অনুশীলন ছিল সংক্ষিপ্ত। কিছুক্ষণ অনুশীলনের পর আবার ব্যক্তিগত পুনর্বাসন কার্যক্রমে ফিরে যান তিনি। এর আগের দিনও কোচিং স্টাফের তত্ত্বাবধানে আলাদা ফিটনেস অনুশীলন করেন এই তারকা।
ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন নেইমার। তাই শুধু হাইতির বিপক্ষেই নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।
চোটের সঙ্গে লড়াই যেন নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই অংশ হয়ে গেছে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাসে গুরুতর চোট পান তিনি। এরপর দীর্ঘ প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে।
বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাই হাইতির বিপক্ষে জয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোচ আনচেলত্তির কাছে আরও বড় লক্ষ্য নকআউট পর্বে শতভাগ ফিট নেইমারকে পাওয়া। সেই কারণেই তার প্রত্যাবর্তন নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।

