চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে উপজেলার আবুতোরাব সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি দায়িত্ব পালন করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় আবুতোরাব এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, একটি সরকারি তদন্তকাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা আসছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তী আনুষ্ঠানিকতা পুলিশ সম্পন্ন করছে।

