টানা ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও থামেনি চোরের তৎপরতা। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মসজিদের প্রায় ৪০ বছরের পুরোনো টিউবওয়েল এবং পৃথক ঘটনায় একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল কাজী বাড়ি জামে মসজিদ থেকে টিউবওয়েলটি চুরি করা হয়।
স্থানীয় বাসিন্দা কাজী রাসেল জানান, প্রবল বৃষ্টির মধ্যেই ব্যাটারিচালিত রিকশায় করে দুই ব্যক্তি এসে টিউবওয়েলটি খুলে নিয়ে যায়। প্রায় ৪০ বছর ধরে ব্যবহৃত এই টিউবওয়েলের পানির ওপর নির্ভরশীল ছিলেন তিনটি বাড়ির শতাধিক বাসিন্দা। এছাড়া মসজিদে নামাজে আসা মুসল্লিরাও অজুর জন্য এই টিউবওয়েলের পানি ব্যবহার করতেন।
হঠাৎ টিউবওয়েল চুরি হয়ে যাওয়ায় এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, একই দিন ভোরে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনার বাপের টেক এলাকা থেকে রাশেদুল হকের একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-৪৪৮১) চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অটোরিকশা চুরি রোধে একটি টিম গঠন করা হয়েছে এবং চোরাই যানবাহন উদ্ধারে পুলিশ কাজ করছে। টিউবওয়েল চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যত্রতত্র সিএনজি অটোরিকশা রেখে দিলে চুরির ঝুঁকি বাড়ে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

