শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামমুখী বাসে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।

- Advertisement -

এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে বাসযোগে গাঁজা নিয়ে সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করেন অভিযানকারী দলের সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিশা প্লাটিনা পরিবহনের একটি বাস চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা মো. জাকির হোসেনকে আটক করা হয়। তিনি কক্সবাজার সদর থানার লাইট হাউস এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা গাঁজাসহ সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও