বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি তুলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও কোয়ার্টার ফাইনালও স্পর্শ করতে পারেনি সেলেসাওরা।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো বিদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেই দায়িত্ব পেয়েছিলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় তাকে ঘিরে সমালোচনা তীব্র হয়ে উঠেছে।
১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রোমারিও আনচেলত্তির কঠোর সমালোচনা করে বলেন, “নরওয়ের বিপক্ষে তিনি যে লজ্জাজনক ও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এরপর কোনোভাবেই ব্রাজিলের কোচ হিসেবে থাকতে পারেন না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি চুক্তিপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে তাকে বলতাম—যাও, আমার বিরুদ্ধে মামলা করো।”
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই বিদেশি কোচের অধীনে শিরোপা জিততে পারেনি। সেই ইতিহাস বদলানোর লক্ষ্যেই আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছিল ব্রাজিল। কিন্তু মাঠের ফলাফল প্রত্যাশার ধারেকাছেও না থাকায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন কার্লো আনচেলত্তি। তবে সাম্প্রতিক ব্যর্থতার পর সেই চুক্তি টিকবে কি না, তা নিয়ে ফুটবল অঙ্গনে জোর আলোচনা চলছে।

