ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক লরি চালকের মরদেহ চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহকারী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে পার্কিং করা একটি পণ্যবোঝাই লরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত জামাল উদ্দিন (৫৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা এলাকার মৃত মুনাফ বেপারীর ছেলে।
নিহতের সহকারী বেলাল হোসেন জানান, ভোর ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে পণ্যবোঝাই লরিটি রওনা দেয়। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে সরু সড়কের কারণে গাড়ির গতি কমে যায়। এ সময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। তারা প্রথমে লরির সামনের গ্লাস ভাঙচুর করে, পরে ধারালো অস্ত্র দিয়ে চালক জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থাতেও চালক কোনো স্থানে না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। আতঙ্কিত অবস্থায় তিনি লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই জামাল উদ্দিন মারা যান। পরে অন্য চালকদের সহযোগিতায় লরিটি মিরসরাইয়ের জোরারগঞ্জে নিয়ে আসা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় ঘটেছে। তাই সংশ্লিষ্ট থানা মামলাসহ পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।

