চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল, পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালা উদ্দিন উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সালা উদ্দিন মোটরসাইকেলে করে বড়তাকিয়ার দিকে যাচ্ছিলেন। পথে একটি সেভেন রিংস সিমেন্ট মিক্সার ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা চিটাগং অনলাইন (সিওএল) ইন্টারনেট কোম্পানির একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি ছিটকে সিমেন্ট মিক্সার ট্রাকের নিচে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষের পর ওই ব্যক্তি সিমেন্ট মিক্সার ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশাল চন্দ্র জানান, সালা উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

