ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে বিতর্ক আরও গভীর হয়েছে। পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কলডেরো। এতে ফিফা সভাপতির এই উদ্যোগ নতুন করে চাপে পড়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারিত্বের একটি অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব উত্থাপন করে ফিফা। এরপর থেকেই ফুটবল অঙ্গনে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
শুক্রবার (৩১ জুলাই) পদত্যাগের ঘোষণা দিয়ে কার্লোস কলডেরো বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ফুটবলের ভবিষ্যৎকে বন্ধক রাখা হচ্ছে। তার ভাষায়, এটি শুধু ফিফার সদস্য দেশগুলোর জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্যও ‘খুবই খারাপ চুক্তি’।
২০২১ সালে ইনফান্তিনোর আমন্ত্রণে ফিফার ভবিষ্যৎ কাঠামো উন্নয়নে যুক্ত হওয়া এই সাবেক ব্যাংকার ও যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের সাবেক সহসভাপতি স্পষ্ট করেন, বিতর্কিত প্রস্তাবের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি জানার পর থেকেই তিনি এর বিরোধিতা করে আসছেন।
ফিফার প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি সহায়ক প্রতিষ্ঠান গঠন করা হবে। ২০ বিলিয়ন ডলারের এই কাঠামোয় সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির মাধ্যমে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তবে নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জরুরি বৈঠকে ৫৫টি সদস্যদেশ একযোগে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। উয়েফা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পরিকল্পনা প্রত্যাহার না করলে ফিফার কোনো প্রতিযোগিতায় তাদের জাতীয় দলগুলো অংশ নেবে না। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মালিকানা কাঠামো আর চালু না করার নিশ্চয়তাও চেয়েছে তারা।
এ ছাড়া উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও পরিকল্পনাটির কড়া সমালোচনা করেছে। বিশেষ করে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় ফিফার সমালোচনা করেছে এএফসি।
তবে সব ধরনের সমালোচনার মধ্যেও পরিকল্পনা বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছে ফিফা। সংস্থাটির দাবি, বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

