আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন।
শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত হয় সাফের কনগ্রেস, যেখানে বিভিন্ন এজেন্ডার মধ্যে ছিল কার্যনির্বাহী কমিটির নির্বাচনও।
সবগুলো পদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ পদে বসলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই সভাপতি।
সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন।
২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। এবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে তিনি পঞ্চমবারের মতো এই পদে নির্বাচিত হলেন।
এতদিন সাফের গঠনতন্ত্রে বলা ছিল, ৭০ বছরের ঊর্ধ্বে কেউ নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না। তবে গত বছর কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই বয়সসীমা তুলে দেওয়া হয়, যার ফলে এবারের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা ছিল না সালাহউদ্দিনের জন্য।
নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকেও বাড়ছে প্রতিনিধিত্ব। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হতে যাচ্ছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে, আর কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

