সোমবার, ১২ অক্টোবর ২০২৬

৫৫তম জশনে জুলুছ ২৬ আগস্ট, চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুছ অনুষ্ঠিত হবে আগামী ২৬ আগস্ট। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ জুলুছে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাজিল্লুহুল আলী।

- Advertisement -

এতে উপস্থিত থাকবেন দরবারের সাহেবজাদা হজরত সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ্।

সোমবার (১৭ আগস্ট) নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমানের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু।

আয়োজকরা জানান, ৯ রবিউল আউয়াল ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। জুলুছের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনজুমানের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আওলাদে রাসূল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.) ১৯৭৪ সালে চট্টগ্রামে এ জশনে জুলুছের প্রবর্তন করেন। প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জুলুছটি জনসমুদ্রে রূপ নেবে বলে আশা করছেন আয়োজকরা।

জুলুছের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ড্রামসেট নিয়ে প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে পুলিশ প্রশাসন ও নির্ধারিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা এবং আনজুমান ট্রাস্টের ঘোষিত নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জুলুছের রোডম্যাপ

২৬ আগস্ট সকাল ৮টায় চট্টগ্রাম নগরের মুরাদপুরের ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জশনে জুলুছ শুরু হবে। এরপর নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে শেষ হবে।

সেখানে দুপুর ১২টায় মাহফিল অনুষ্ঠিত হবে। পরে জোহরের নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

জশনে জুলুছকে কেন্দ্র করে ইতোমধ্যে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় প্রস্তুতি শুরু হয়েছে। নগরের বিভিন্ন সড়কদ্বীপ, সড়কের বিভাজক ও অলিগলি আনজুমানের পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও