বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আজ বিকেলে দেশে পৌঁছাচ্ছেন আল্লামা সাবির শাহ, নেতৃত্ব দেবেন জশনে জুলুসে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) বাংলাদেশে আসছেন বৃহস্পতিবার (২০ আগস্ট)। অরাজনৈতিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দেবেন তিনি।

- Advertisement -

রোববার (২৩ আগস্ট) ঢাকায় এবং বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুস বের হবে। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ আকিব আহমদ শাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আল্লামা সাবির শাহ পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের সাজ্জাদানশীন এবং আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। দেশের বিভিন্নস্থানে আনজুমান ট্রাস্ট দুই শতাধিক আলিয়া মাদ্রাসা পরিচালনা করে। তাঁর বাবা হজরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রা.) ১৯৭৪ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ জশনে জুলুসের প্রবর্তন করেন।

চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুছ ২৬ আগস্ট

জুলুসের শহর খ্যাত চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুছ বের হবে ২৬ আগস্ট। জুলুস উপলক্ষে নগর ও বিভিন্ন উপজেলায় সাজ সাজ রব চলছে। আনজুমানের পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সড়কদ্বীপ, বিভাজক, অলিগলি।

সংবাদ সম্মেলনে আনজুমানের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, ৯ রবিউল আউয়াল ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস হবে। পুলিশের পাশাপাশি আনজুমানের ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এবারও জশনে জুলুস বরাবরের মতোই জনসমুদ্রে রূপ নেবে বলে জানান তিনি।

নিরাপত্তায় বিশেষ নির্দেশনা

জুলুসের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য পুলিশ প্রশাসন এবং নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা, বিশেষত আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়মকানুন মেনে চলতে সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

জুলুসে ড্রামসেট নিয়ে প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও