শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সংসদ নেতা তারেক রহমান। তার আগে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে ২টা ১৯ মিনিটে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ আগস্ট) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় এ ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এর পরপরই ভোটদান শুরু হয়।

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। কক্ষের মাঝে বসানো চেয়ার-টেবিলে তারা ভোট দেন। এরপর তারা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান। এরপর ভোট দেন মির্জা ফখরুল নিজেও। পরে বিএনপির এই প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় এই নির্বাচনে ভোট দিতে পারবেন না।

এরপর আবদুল আউয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেন। পর্যায়ক্রমে অন্য সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।

ভোটের সময় স্পিকারের আসন খালি দেখা গেছে। তার সামনের অংশে, যেখানে সাধারণত সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বসেন, সেখানে বসে নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। তার সঙ্গে আছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও ইসি সচিব আখতার আহমেদ।

এই নির্বাচনের শুরুর আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।

সর্বশেষ

এই বিভাগের আরও