বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ গ্রহণের মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর প্রায় চার সপ্তাহ পর নতুন রাষ্ট্রপতি পেল বঙ্গভবন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। দীর্ঘ সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে দলটির নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলেন বিএনপির এই প্রবীণ নেতা।

