শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“৩০ টাকায় পেঁপে, ১২০ টাকায় বেগুন—বাজারে চলছে দামের ভিন্নমুখী চিত্র”

শাহরিয়ার মুনির জিসান

নিত্যপণ্যের বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। একদিকে সরবরাহ বাড়ায় বেশ কয়েক ধরনের সবজির দাম কমে এসেছে, অন্যদিকে বেগুন-টমেটো ও মাছের চড়া দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

- Advertisement -

শুক্রবার (২৮ আগস্ট) নগরের চকবাজার, বহদ্দারহাট ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র উঠে এসেছে।

সস্তায় মিলছে যেসব সবজি

বাজারে এখন অধিকাংশ সবজিই ৩০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর মধ্যে ঢেঁড়শ, পটল, কাকরোল ও ঝিঙের কেজি ৬০ টাকা, করলা ৭০ টাকা, লাউ-ধুন্দল ৮০ টাকা এবং সবচেয়ে সস্তা পেঁপে—কেজিপ্রতি মাত্র ৩০ টাকা। তবে বাজারে আগাম আসা শীতের সবজি শিমের দাম এখনো চড়া, বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।

ব্যতিক্রম বেগুন-টমেটো

সরবরাহ কম থাকায় ও আড়তেই বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারে বেগুন ও টমেটোর দাম কমছে না। ভালো মানের বেগুন-টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে, যা অন্যান্য সবজির তুলনায় দেড় থেকে দ্বিগুণ বেশি।

ক্রেতা-বিক্রেতার কথা

ষোলশহর এলাকার ক্রেতা জসিম উদ্দিন জানান, কয়েক ধরনের সবজির দাম কমায় সংসারের খরচ কিছুটা সামলানো যাচ্ছে, তবে বেগুন-টমেটোর দাম এখনও বেশি বলে আক্ষেপ করেন তিনি। আরেকজন ক্রেতার ভাষ্য, একটা-দুইটা পণ্যের দাম কমলেই পুরো বাজারের চাপ কমে না—বেগুন-টমেটোও সস্তা হওয়া দরকার।

বহদ্দারহাট বাজারের বিক্রেতা নাদিম বলেন, সরবরাহ বেশি থাকায় পটল, ঢেঁড়শ, ঝিঙে, জালি ও পেঁপে কম দামে বিক্রি করছেন তিনি, কিন্তু বেগুন-টমেটো আড়ত থেকেই চড়া দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা মূল্যে।

মাছের বাজারে স্বস্তি নেই

সবজির বাজারে খানিকটা স্বস্তি ফিরলেও মাছের দামে তার ছোঁয়া নেই। তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাস ২৩০-২৫০ টাকা, রুই-কাতল ৩৮০-৪২০ টাকা এবং চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে।

এ ছাড়া পাবদা ৩৫০-৪০০ টাকা, বড় রুই ৪৫০-৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা, বাইন ৬০০-৮০০ টাকা, দেশি কই ৭০০-৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং চাষের শিং মাছ আকারভেদে ৩০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের আকার ও জীবিত-মৃত অবস্থার তারতম্যে বাজারভেদে দামে ১০-২০ টাকা কমবেশি হতে পারে।

সবচেয়ে চড়া ইলিশের বাজার। ছোট জাটকা ৯০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০-১ হাজার ৫০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ প্রায় ২ হাজার টাকা এবং দেড় কেজির বেশি ওজনের ইলিশ কেজিপ্রতি ৩ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও