সোমবার, ৩১ আগস্ট ২০২৬

গুম-অপহরণ বন্ধে নতুন আইনি কাঠামো হচ্ছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। বর্তমান সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে।

- Advertisement -

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে বাণীটি প্রকাশ করা হয়।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সব গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। তিনি বলেন, গুম একটি বৈশ্বিক সমস্যা এবং মানবাধিকারের চরমতম লঙ্ঘন। বিশেষ করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের অমানবিক ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাংলাদেশের পতিত, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট সরকার জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমনে গুম-অপহরণের পথ বেছে নিয়েছিল। গুমের শিকার ব্যক্তিদের মাসের পর মাস কিংবা বছরের পর বছর আটকে রাখতে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা জনপরিসরে ‘আয়নাঘর’ নামে পরিচিতি পায়।

দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার হিসাবের বরাত দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিভিন্ন সময়ে কমপক্ষে সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে। বর্তমান সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে।

একই সঙ্গে ভবিষ্যতে গুম ও এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স বন্ধে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইতোমধ্যে জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।

তারেক রহমান বলেন, গুম বা অপহরণ শুধু একজন মানুষের নিখোঁজ হওয়া নয়; এর সঙ্গে একটি পরিবারের স্বপ্ন, সাধ ও আকাঙ্ক্ষাও থমকে যায়। স্বজনদের দিন কাটে অনিশ্চয়তার মধ্যে, যেখানে শোক পালনেরও স্বাভাবিক সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সৌভাগ্যবান কেউ কেউ ফিরে এলেও ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে বিশ্বব্যাপী ঐক্য ও সংহতির আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও