দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেন। পাশাপাশি অপতথ্য, গুজব, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা বিধানে পুলিশকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। তাই বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।
আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

