শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জন্মাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি রক্ষার ডাক প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যেন এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

- Advertisement -

হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং এই বিশেষ দিনে তাদের প্রতি শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, সনাতন ধর্মীয় শাস্ত্রমতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছেন অবতার শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মমতে, অত্যাচারী কংসের শাসনামলে মথুরায় জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ, আর পরবর্তীতে তাঁর হাতেই কংসের অত্যাচারী শাসনের অবসান ঘটে।

দুষ্টের দমন ও শিষ্টের পালনই ছিল শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত। জীবন ও কর্মের মাধ্যমে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় মানবপ্রেম ও ন্যায়ের আদর্শ তুলে ধরেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার প্রতি ভক্তি, মানবকল্যাণ ও শান্তির যে দর্শন শ্রীকৃষ্ণ প্রচার করেছেন, তা সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষের জন্য আজও গভীরভাবে প্রেরণাদায়ী।

তিনি উল্লেখ করেন, একটি রাষ্ট্র ও সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে, আর বাংলাদেশেও যুগ যুগ ধরে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা নাগরিক হিসেবে সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কেউ যেন এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বাণীতে আরও বলা হয়, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধায় সমৃদ্ধ একটি জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বাণী শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ

এই বিভাগের আরও