শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

১২ লিটার চোলাই মদসহ বোয়ালখালীতে আটক ১, মাদক সেবনে সাজা ২ জনের

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. করিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মাদক সেবনের অপরাধে জয় দে (২৬) ও রাজীব নাথকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. জুয়েল রানার নেতৃত্বে বোয়ালখালী থানার একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে।

অভিযানে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারের পূর্ব পাশে হামিদিয়া মাদ্রাসাসংলগ্ন ব্রিজের ওপর থেকে ১২ লিটার চোলাই মদসহ মো. করিমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৪নং শাকপুরা ইউনিয়নের পূর্ব শাকপুরা এলাকা থেকে জয় দে ও রাজীব নাথকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. করিম ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজার এলাকার ৮নং ওয়ার্ডের মমিন সাহেবের বাড়ির মৃত আব্দুল হকের ছেলে। জয় দে পূর্ব শাকপুরা এলাকার মৃত বাবুল দের ছেলে এবং রাজীব নাথ উত্তর কঞ্জুরী এলাকার মৃত রতন নাথের ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, আসামিদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কট দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও