শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং সংস্কৃতি উচ্ছেদ করা হবে: চিফ হুইপ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসব অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সরকার শিগগিরই রাশ টেনে ধরবে বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

শুক্রবার তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি পুরোপুরি উচ্ছেদ করা হবে। কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে, দক্ষ মানুষ হবে—অস্ত্র-চাপাতি নিয়ে ঘুরবে না। তিনি বলেন, আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের কান্ডারি।

কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক আন্দোলনের যৌথ সমন্বয় প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রশ্নে চিফ হুইপ বলেন, সরকার এর মাধ্যমে সবাইকে কঠোর ও কঠিন বার্তা দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই। আমরা শুরু করেছি ঘর থেকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সত্যিকার অর্থেই জনগণের কল্যাণে কাজ করতে চাই।’

যেকোনো নেতিবাচক ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না মন্তব্য করে চিফ হুইপ বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং জনগণের কল্যাণে কাজ করছি। আমরা একটা ভঙ্গুর দেশ পেয়েছি। আমাদের কাজ করার সুযোগ দেন। সুফল পেতে যৌক্তিক সময় লাগবে।’

তিনি বলেন, সরকার যদি শক্তিশালী না হয়, তাহলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায় তাঁদেরই। দায় চাপানোর রাজনীতি তাঁরা করেন না।

বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে কুচক্রী মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও