মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে গলায় ছুরিকাঘাত: প্রধান আসামি অপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালত ভবনের এজলাসের সামনে দিনদুপুরে মো. নুরুল কবির নামে এক ব্যক্তিকে গলায় ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে (২৫) গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাব-৭।

- Advertisement -

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়ী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ৫ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার পাহাড়ী আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনে বিশেষ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোতোয়ালী থানার আলোচিত নুরুল কবির হত্যাচেষ্টা মামলার প্রধান এজাহারনামীয় আসামি ও পাঁচলাইশ থানার হাডু মাঝিপাড়ার মৃত ইউনুসের ছেলে মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে গ্রেপ্তারকৃত অপুর বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি ও চুরিসহ অন্তত পাঁচটি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালত ভবনের এজলাসের সামনে নুরুল কবিরের ওপর অতর্কিত হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করা হয়। উক্ত ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা (মামলা নং-১২) দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

সর্বশেষ

এই বিভাগের আরও