চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছ ও একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আবু তাহের নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান অভিযানে প্রসিকিউশন করেন। এ সময় জোরারগঞ্জ থানা-পুলিশ সহযোগিতা করে।
অভিযানে জব্দ করা ইলিশ মাছ ২৮টি এতিমখানা, বিতরণকালে উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সংরক্ষণ অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

