সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (১১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। এর আগের দিন শনিবার একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে একটি প্রক্ষেপিত অস্ত্র আঘাত হেনেছে। এতে টার্মিনালে আগুন ধরে যায়। তবে অস্ত্রটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে জোটটি।
এর আগে শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। হামলায় দুই বাংলাদেশি নিহত হন এবং চারজন গুরুতর আহত হন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইতিমধ্যে ১৪ জন বাংলাদেশিকে হারানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’

