মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘আজম’ পরিচয়ে আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাছির

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে। র‌্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি মান্দারগাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রোজি আকতারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হলেও পরে ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় রোজির বড় ভাই আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার আগের রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রোজিকে জোর করে একটি দোকানে নিয়ে ধর্ষণ করেন আসামি আবদুল মান্নান ও নাছির।

পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পথে তাঁকে আবার ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সহযোগীদের সহায়তায় মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি নিজের পরিচয় গোপন করে মো. আজম নামে চলাফেরা করতেন। ২০০৪ সাল থেকে দীর্ঘ সময় ওমানে অবস্থান করেছিলেন তিনি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বশেষ

এই বিভাগের আরও