মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন বিচ্ছিন্ন ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

পরিত্যক্ত দুয়েকটি বাস বা গাড়িতে আগুন দেওয়া কিংবা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি মূল্যায়ন করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাতের অন্ধকারে এমন একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন বলা যায় না।

তিনি আরও বলেন, রাতের অন্ধকারে কিংবা ভোরে কোথাও পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। দুয়েকটি প্রতীকী ঘটনা একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ—এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়।

বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। বিরোধী দল সক্রিয় থাকলে তা সরকারের জন্য ইতিবাচক। সরকারও বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে।

তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছে, তা খতিয়ে দেখছে সরকার।

গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিস্তারিত তথ্য পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের ভেতরেও এ পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে। তবে সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে।

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন। তাদের উসকানি দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলেও সরকার সেই সুযোগ দেয়নি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্প এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উৎপাদন ও রফতানি স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছে বলে সরকার লক্ষ্য করেছে।

সংসদে দাঁড়িয়ে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। এ ধরনের চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি-অবনতি নিয়ে পরিসংখ্যানের ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে উপস্থাপিত একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি জানান। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় অপরাধের সংখ্যা বেড়েছে নাকি কমেছে, তা বিবেচনা করেই পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলেও জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের পতন হয়েছে। কেউ সেই শক্তিকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার তা উন্মোচন করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও