চট্টগ্রাম নগরীর আকবর শাহ সিটি গেট এলাকায় ভোরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য। পিকআপ ভ্যানটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।
আকবর শাহ থানার এসআই মো. সাজ্জাদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

