শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বাজারে আগুন, হাঁড়িতে হাহাকার — ক্রেতার চোখে ঝলসে যাচ্ছে দাম!

স্টাফ রিপোর্টার

গত দুই সপ্তাহের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন সরবরাহ এলাকায় সবজির উৎপাদন ও পরিবহন ব্যাহত হয়েছে। এর সঙ্গে দুর্গাপূজার ছুটিতে আমদানি কমে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে তীব্র সরবরাহ সংকট। ফলে সব ধরনের সবজি দাম বেড়েছে হু-হু করে।

- Advertisement -

শুক্রবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে ভ্রাম্যমাণ দোকানে ও ভ্যানে বিক্রি হচ্ছে কিছুটা কম দামে।

বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকা, গাজর ৭০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, করলা ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, পটল ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের দাম কিছুটা কমে এসেছে— বর্তমানে কেজিপ্রতি ১৬০ টাকা। ধনেপাতা ৩০০ টাকা কেজি, শিম ২২০ টাকা, মূলা ১০০ টাকা, বাঁধাকপি ৯০ টাকা, ফুলকপি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, “শীতকালীন সবজি আসা শুরু হলেও সরবরাহ এখনও কম। দুই সপ্তাহ পর দাম কিছুটা কমবে।”

সবজির পাশাপাশি বেড়েছে ডিম ও মুরগির দামও। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। সোনালি মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা, দেশি মুরগি ৫৩০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়। গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৯৫০ টাকায়, খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে।

এদিকে মাছের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত। বাগদা চিংড়ি ৯০০ টাকা, গলদা ৮৫০, বড় রুই ৫০০, কাতলা ৪০০, পাবদা ৪০০, রূপচাঁদা ৮৫০ ও এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।

সর্বশেষ

এই বিভাগের আরও