বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে দীর্ঘ পাঁচ বছরের লড়াই শেষে অবশেষে নিজের পাসপোর্ট ফিরে পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বোম্বে হাইকোর্টের নির্দেশে ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বাজেয়াপ্ত করা তার পাসপোর্ট ফেরত দিয়েছে।
২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকেই তীব্র সমালোচনা ও সামাজিক ট্রোলের মুখে পড়েছিলেন রিয়া। সেই সময় এক ড্রাগ মামলায় গ্রেপ্তারও হন তিনি। এরপর শুরু হয় এক দীর্ঘ মানসিক ও আইনি সংগ্রাম।
শনিবার (১৯ অক্টোবর) ইন্সটাগ্রামে একটি আবেগঘন পোস্টে রিয়া লেখেন— “গত ৫ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই, অনন্ত আশা। আজ আমি আবার আমার পাসপোর্ট ধরতে পারছি। প্রস্তুত আমার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! সত্যের জয় হবেই।”
রিয়ার এই পোস্টে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “এই পাসপোর্ট শুধু স্ট্যাম্প নয়, এটি তার বেঁচে থাকার গল্প বহন করছে।”
সুশান্তের প্রসঙ্গে রিয়া আরও বলেন, “মানুষ বলেছিল, সে তোমার জন্যই গেছে। কিন্তু আমি জানতাম, আমি কিছুই করিনি। সিদ্ধান্ত আমার পক্ষে এলেও আমি খুশি হতে পারিনি—খুশি ছিলাম কেবল আমার বাবা-মায়ের সম্মানের জন্য।”
জেল জীবনের অভিজ্ঞতা স্মরণ করে রিয়া বলেন, “জেলে গেলে মানুষ একদম ভিন্ন হয়ে যায়। তখন আপনি শেখেন—জীবনের ছোট ছোট জিনিসও কত মূল্যবান। আর মানুষ আপনার সম্পর্কে কী ভাবছে, তা নিয়ে চিন্তা করলে কেবলই বিষণ্নতা বাড়বে।”
দীর্ঘ নীরবতার পর রিয়ার এই প্রত্যাবর্তনকে ভক্তরা বলিউডে তার নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন।

