শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে রাউজানে প্রাণহানি

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নামিজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার গহিরা ইউনিয়নের আতুরনির ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিজ উদ্দিন একই উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নামিজ উদ্দিন নিহত হন এবং অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও