চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা-তে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, যেখানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাবে, সেখানে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব স্থানে নদী ও খাল ভরাট করে রাস্তা তৈরি করে মাটি পরিবহন করা হচ্ছিল, সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে।
তিনি আরও বলেন, “যেখানে টপসয়েল কাটা হবে, সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট অভিযান চালাবে। অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।”
এ সময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে।
জেলা প্রশাসক জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

