বলিউডের চিরসবুজ তারকা মাধুরী দীক্ষিত আবারও প্রমাণ করলেন, বয়স কেবল একটি সংখ্যা। নিজের নতুন সিনেমার প্রচারণায় অভিনব ডেনিম শাড়ি পরে হাজির হয়ে তিনি নজর কেড়েছেন ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে আধুনিকতা ও ঐতিহ্যের অনন্য মিশেলে তৈরি ডেনিম শাড়িতে দেখা যায় মাধুরীকে। হালকা নীল ডেনিম রঙের ওপর সূক্ষ্ম কারুকাজ, ফুলেল সূচিশিল্প ও রাজকীয় নকশায় সাজানো পোশাকটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে মাধুরী লিখেছেন, “কুঁচিতে সৌন্দর্য, মেজাজে জাদু”— যা তার অনন্য লুকের সঙ্গে যেন পুরোপুরি মানিয়ে গেছে।
ডিজাইনার ময়ূর গিরোত্রা-র নকশায় তৈরি এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন সিল্কের ব্লাউজ, মুক্তাখচিত চাঁদবালি কানের দুল, আংটি ও সূক্ষ্ম ব্রেসলেট। পরিমিত গয়না ও মেকআপ তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।
মাঝখানে সিঁথি করা ঢেউ খেলানো খোলা চুল, উজ্জ্বল গোলাপি লিপস্টিক, গোলাপি আভাযুক্ত চোখের সাজ এবং ছোট্ট একটি টিপে ফুটে উঠেছে তার চিরচেনা আভিজাত্য।
ডেনিমের মতো পাশ্চাত্য ধাঁচের কাপড়কে শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকে রূপ দিয়ে নতুন এক ফ্যাশন প্রবণতার ইঙ্গিত দিয়েছেন মাধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই লুক নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই তাকে আখ্যা দিয়েছেন ‘চিরসবুজ সুন্দরী’ হিসেবে।

