শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৫ আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার, হাটহাজারীতে অস্ত্র কারখানার সন্ধান

শাহরিয়ার মুনির জিসান

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে হাটহাজারী থানা পুলিশ।

- Advertisement -

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ধারাবাহিক অভিযানে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি ও তথ্য যাচাই শুরু করে।

এর ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টায় জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে এসআই ফখরুল ইসলাম, এসআই আশিকুর রহমান ও এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) ও মোঃ কবিরকে (৪৭) গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:
১টি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি, ২টি পিস্তলের বুলেট।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হাটহাজারীর সরকারহাট বাজারে ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো, যা পরে বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কার্যক্রমের আলামত ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করে।

এই অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উৎসের সন্ধান পাওয়ার পাশাপাশি সরবরাহকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অবৈধ অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও