শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’: কালুরঘাটে এমপি এরশাদ উল্লাহ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।

- Advertisement -

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর মোহরা কালুরঘাটে কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চান্দগাঁও থানা শাখার উদ্যোগে আয়োজিত বিজয়া দশমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ধর্মীয় ভিন্নতা কখনো যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা শুধু কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের দায়িত্ব নয়; বরং এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।”

বক্তব্যে গত ২০ অক্টোবর জে এম সেন হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য মহানগর পূজা উদযাপন পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপংকর ভট্টাচার্য্য। উদ্বোধক ছিলেন দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সঞ্জীব বরণ নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মো. জাফর আহমদ, মো. আজম ও মো. আশ্রাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক সমীরণ দাশ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি টিটন চৌধুরী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দীপংকর দেবনাথ, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে, সৌরভ ধর ও রাজদীব ভট্টাচার্য্য। এ ছাড়া স্থানীয় নেতারা ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও