মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের নেতারা।
গত ৪ সেপ্টেম্বর ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথসহ ৪টি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শতাব্দী ক্লাবের সভাপতি এম মাঈন উদ্দিন, সহসভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রনি ভৌমিক, যুগ্ম সম্পাদক আশরাফ রুবাই, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, সহশিক্ষা বিষয়ক সম্পাদক শামসুদ্দৌহা হাসান এবং স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মো. তানজিম মুহিত।
শতাব্দী ক্লাবের সাধারণ সম্পাদক রনি ভৌমিক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ঘর নির্মাণের সময়ও সংগঠনের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠিত শতাব্দী ক্লাব এলাকায় আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

