চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাফিজ ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগংয়ের (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নাফিজের স্বজন আবদুর রহিম জানান, নাফিজের পরিবার চট্টগ্রাম নগরে বসবাস করে। দুই দিন আগে তাঁরা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে নামাজ শেষে বেলা দুইটার দিকে নাফিজ পুকুরে গোসল করতে নামেন।
এ সময় পা পিছলে পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় পানিতে ডুবে যান নাফিজ। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুর রহিম আরও জানান, শনিবার রাত ১০টায় জানাজা শেষে নাফিজকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নাম্বারে ফোন করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

