সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সাইকেল ট্র্যাকে গাড়ি পার্কিং, পতেঙ্গায় জরিমানা ও গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

- Advertisement -

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত এ সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের কারণে সাইকেল চলাচলে বিঘ্ন ঘটছিল বলে অভিযোগ ছিল। সেই প্রেক্ষাপটে এ অভিযান পরিচালিত হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক ও ওয়ার্ড সুপারভাইজারসহ চসিকের স্ট্রাইকিং ফোর্স। অভিযানে পতেঙ্গা থানা-পুলিশও সহযোগিতা করে।

চসিক সূত্রে জানা গেছে, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও