শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে তিনি ক্যাম্পাসে যান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে মূল ফটকে পৌঁছান উপাচার্য। এ সময় নিজেকে কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।
পরে পুলিশি নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের মূল ফটকের তালা ভেঙে নিজের কক্ষে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। এরপর নিজ চেয়ারে বসেন তিনি। এ সময় তাঁর কক্ষে ছাত্রদল নেতাদের উপস্থিত থাকতে দেখা যায়।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।
এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এ সময় মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন ও মুখোশ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ চালিয়ে যান তাঁরা।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতিতে যোগ দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও। ফলে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।
টানা বিক্ষোভ ও ক্যাম্পাস তালাবদ্ধ থাকায় নিয়োগ পাওয়ার পর এত দিন সশরীরে চুয়েট ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য। তবে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন তিনি।
অবশেষে সোমবার সকালে ক্যাম্পাসে গিয়ে নিজের দপ্তরে প্রবেশ করলেন অধ্যাপক শেখ শরীফুল আলম।

