পাবনার সদর উপজেলায় একটি হাটের কার্যালয়ের সামনে গুলিতে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫০) এবং ধর্মগ্রাম এলাকার উমেদ আলী মেম্বারের ছেলে রিপন (৩৮)। আব্দুস সালাম উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় আব্দুস সালাম ও রিপন হাটের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই দুজনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হাটের ইজারা ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত আব্দুস সালাম চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) নেতা আবুল কালাম ওরফে কালে কালামের ভাই।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

