মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ঠিকাদারের উপহার নিতে বাধা নেই, শুধু কাজের মান ঠিক রাখুন: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। কিন্তু কাজের গুণগত মান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে আপনার ৫ লাখ, আমার ৫ লাখ—এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।’

এলজিইডির অধীনে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন প্রকৌশলীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে প্রকৌশলীদের সজাগ থাকতে হবে।

নবীন প্রকৌশলীদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেন মীর শাহে আলম।

তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। বিশেষ করে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

সর্বশেষ

এই বিভাগের আরও