সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে সার পাচারের অভিযোগে গ্রেফতার ৩

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে  তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।

- Advertisement -

রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার ওচমানপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারিয়াতুল ফারাবি (২৬)।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমারে সার পাচার করে আসছে। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করে পুলিশ। এ সময় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাঁদের মুঠোফোনের কললিস্ট ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর সূত্র ধরে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসেও অভিযান চালায় পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন আটক ব্যক্তিদের সার চালানের বিষয়ে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান। পরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় শওকত আকবর সোহাগ ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখান বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

ওসি আরও বলেন, শওকত আকবর সোহাগের প্রলোভনে ফারাবি হোসেনসহ অন্যরা সার পাচারের চেষ্টায় সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহসিন সম্রাট, তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন ও ফারিয়াতুল ফারাবিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, সার পাচারের ঘটনা তদন্তের স্বার্থে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে বাদশাহ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও